Views Bangladesh Logo

টেকনাফে বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ, আসবাবপত্র পুড়ে ছাই

কক্সবাজারের টেকনাফ পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

রোববার (৫ এপ্রিল) ভোরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া বার্মিজ মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও দলীয় সূত্রের দাবি, পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগ করা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, এলাকায় আগে থেকেই কিছু অপরাধী হুমকি-ধমকি দিয়ে আসছিল। ধারণা করা হচ্ছে, তারাই এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ঘটনাটিকে নিন্দনীয় বলে উল্লেখ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ