Views Bangladesh Logo

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী, ২০৯ আসন পেয়ে সরকার গঠনে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ও সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোটের চূড়ান্ত পরিসংখ্যান ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গণভোটে বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে এবং সংসদ নির্বাচনে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, সংবিধানে বড় ধরনের পরিবর্তনের লক্ষ্যে আয়োজিত গণভোটে মোট ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। বিপরীতে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজারটি। গণভোটে ভোট প্রদানের গড় হার দাঁড়িয়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ।

সচিব জানান, তথ্যের বিভ্রাট যেন না হয়, সেই কারণে ফল প্রকাশে  বিলম্ব হলো।

২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের ফলাফল বিশ্লেষণ করে ইসি জানিয়েছে, সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপি ২০৯টি আসনে বিজয়ী হয়েছে। জামায়াতে ইসলামী ৬৮, এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণ অধিকার ১টি, বিজেপি ১টি, গণসংহিত ১টি, খেলাফত মজলিস ১টি এবং স্বতন্ত্র ৭টিতে জয়ী হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে ২৯৯টি আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটারের বিপরীতে ৫০টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ২,০২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের ভোটগ্রহণ আগেই স্থগিত করা হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ