Views Bangladesh Logo

সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ বিএনপির

 VB  Desk

ভিবি ডেস্ক

২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বিএনপি। এই দাম বৃদ্ধিকে সম্পূর্ণ ‘অযৌক্তিক এবং জনবিরোধী’ বলেও মনে করছে দলটি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই প্রতিবাদ জানান।

তিনি বলেন, জবাবদিহি নেই বলেই সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে। এই সরকারের জবাবদিহি থাকলে ১২ কেজি গ্যাস সিলিন্ডারে ১৯ টাকা দাম বাড়াতো না। দাম বাড়ার কারণে সীমিত ও নিম্নআয়ের মানুষের ওপর ভয়ংকর চাপ পড়বে।

তিনি বলেন, দেশে নির্বাচিত সরকার থাকলে এ ধরনের পরিস্থিতি হবে না।

রিজভী বলেন, ‘আমরা গণতান্ত্রিক দল অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট দেই। কিন্তু আপনাদের (সরকারকে) মনে রাখতে হবে, গণবিরোধী ও গরিব মানুষ মারার সিদ্ধান্ত যেন না হয়। এমনিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিন বাড়ছে। চালের দাম কমাতে পারেননি। তার মধ্যে যদি গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে মড়ার উপর খাঁড়ার ঘা ছাড়া কিছুই নয়।

শেখ হাসিনা দেশের জনগণের ক্ষমতা কেড়ে নিয়েছিল উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সেই ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। কারা সরকার গঠন করবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। কিন্তু শেখ হাসিনা সেটা করতে দেয়নি। ছাত্র-জনতার রক্তঝরা গণআন্দোলনে সেই ভয়ানক ফ্যাসিবাদ শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছু করার আছে। দেশের জনগণ গত ১৬-১৭ বছর ধরে ভোটকেন্দ্রে যেতে পারেননি। ভোট দিতে পারেননি। জনগণের চাওয়া অন্তর্বর্তী সরকার সেই পরিবেশটা তৈরি করবে। জনগণ যাতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন।

তিনি আরও বলেন, সংস্কারের নামে জনগণের চোখে ধোঁয়াশা সৃষ্টি করা যাবে না। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আপনারা সংস্কার করুন কিন্তু সংস্কারের নামে গণতন্ত্রকে মজবুত করার নির্বাচনের তারিখ ঠিক করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে অবাধ-সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। কারা সংগঠন কিংবা দল তৈরি করবে সেই দায়িত্ব হচ্ছে সেই ব্যক্তির। এই দায়িত্ব প্রধান উপদেষ্টার নয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, সহ-অর্থ সম্পাদক মাহমুদুর রহমান সুমন প্রমুখ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ