Views Bangladesh Logo

ভূমিধস জয়ে দুই দশক পর ক্ষমতায় বিএনপি, প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে এবং অধিকাংশ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন ঘিরে দেশের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আগ্রহ দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৯৯টি আসনের মধ্যে বিএনপি ও তাদের মিত্ররা অন্তত ২১২টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা পেয়েছে ৭৭টি আসন। এর ফলে প্রায় দুই দশক পর আবারও ক্ষমতায় ফেরার পথে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর এই নির্বাচনকে স্থিতিশীলতা ফেরানোর জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, নতুন সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ হবে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করা এবং পোশাকশিল্পসহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতগুলোকে শক্তিশালী করা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান বলেন, সংসদে শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপি দ্রুত সংস্কার পাস করতে পারবে, যা অন্তত স্বল্পমেয়াদে স্থিতিশীলতা আনতে সহায়ক হতে পারে।

তবে ফলাফল স্পষ্ট হওয়ার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও তারেক রহমান কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। বিএনপি সমর্থকদের বিজয় মিছিল না করে দোয়া করার আহ্বান জানিয়েছে। ঢাকায় তার বাসভবনের সামনে জড়ো হওয়া সাংবাদিকদের সঙ্গেও তিনি কথা বলেননি, যদিও মসজিদে যাওয়ার সময় গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

শেখ হাসিনা সরকারের পতনে ভূমিকা রাখা এনসিপি ৩০টি আসনের মধ্যে মাত্র ছয়টিতে জয় পেয়েছে। জামায়াত নির্বাচনী ফলাফল মেনে নিলেও প্রক্রিয়া নিয়ে অসন্তোষ জানিয়েছে এবং সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোটার অংশ নিয়েছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যা আগের নির্বাচনের তুলনায় বেশি। রেকর্ডসংখ্যক প্রায় ৫০টি রাজনৈতিক দল এবং দুই হাজারের বেশি প্রার্থী এই নির্বাচনে অংশ নেয়।

এদিকে সংবিধান সংস্কার নিয়ে অনুষ্ঠিত গণভোটে ২০ লাখের বেশি ভোটার ‘হ্যাঁ’ এবং প্রায় ৮ লাখ ৫০ হাজার ভোটার ‘না’ ভোট দিয়েছেন, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ফল এখনো ঘোষণা হয়নি। প্রস্তাবিত সংস্কারের মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণ, বিচার বিভাগের স্বাধীনতা বাড়ানো, নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের বিষয় রয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনেও নির্বাচনের প্রতিক্রিয়া পাওয়া গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রভাব বিস্তার নিয়ে প্রতিযোগিতার মধ্যেই নতুন সরকারকে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ