Views Bangladesh Logo

নির্বাচনের আগে গণভোট চায় না বিএনপি

 VB  Desk

ভিবি ডেস্ক

কিছু দলের দাবির প্রেক্ষিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে বিএনপি সাফ জানিয়ে দিয়েছে, নির্বাচনের আগে গণভোট চায় না দলটি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি জানিয়ে দেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের সঙ্গে বিএনপি একমত নয়।

সংবাদ সম্মেলনে আমির খসরু বলেন, ‘পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল গণভোট ও নির্বাচন একই দিনে হবে দুটি ব্যালটের মাধ্যমে। এটি দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই বিষয়কে সামনে আনার সুযোগ নেই। এ বিষয়ে আলোচনারও কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ‘নির্বাচনের দিন দুটি ব্যালটে গণভোট হবে আর প্রার্থীর পক্ষে ভোট দেওয়া হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এটা প্রথম দিন থেকেই বিএনপির অবস্থান। এখনো সেই অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। আগামী দিনেও হবে না।’

এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, ‘ঐকমত্য দিয়েই সবকিছু সমাধান হতে হবে এবং ঐকমত্যের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্তের সুযোগ নেই। যেহেতু বিএনপি গণভোটে ঐকমত্য পোষণ করে না, তাই সেদিকে যাওয়ার সুযোগ নেই।’

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপির এই শীর্ঘ নেতা বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি গত এক দশকের বেশি সময় আলোচিত হয়েছে। কারণ তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হয় না, সেটা শেখ হাসিনার সব নির্বাচন দখলের সময় দেখা গেছে। সেটা আজকের প্রেক্ষাপটেও ভিন্ন কিছু নয়।’

আমির খসরু আরও বলেন, ‘অন্তর্র্বতী সরকারে কিছু লোক আছে যারা প্রশ্নবিদ্ধ হয়েছে। যারা বিতর্কিত হয়ে গেছে ইতোমধ্যেই। সেই প্রেক্ষাপটে এই আলোচনা উঠে এসেছে। যদিও ইন্টেরিম সরকার নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে, কিন্তু এটাকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালনার বিষয় উঠে এসেছে।’

এর আগে বিকেল ৩টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ