Views Bangladesh Logo

নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ, নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে মহানগর বিএনপি। দলটির নেতারা বলেন, ভবিষ্যতে তিনি নারায়ণগঞ্জে এলে তাকে প্রতিহত করা হবে।

শনিবার (১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির কয়েকজন নেতার মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তিনি যদি জেলায় আসার চেষ্টা করেন, তাহলে মহানগর বিএনপি তাকে প্রতিহত করবে।

এ সময় তিনি নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপির কয়েকজন নেতাকে লক্ষ্য করে কঠোর ভাষায় সমালোচনা করেন এবং তাদের রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের মিশনপাড়া থেকে বের হয়ে চাষাঢ়া হয়ে ২ নম্বর রেলগেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মিশনপাড়ায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, আওলাদ হোসেন এবং নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানাসহ অন্যান্য নেতারা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ