Views Bangladesh Logo

দুই মেয়াদ পর বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব বিএনপির

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধানমন্ত্রীর পদে পরপর দুই মেয়াদ পূর্ণ করার পর একটি বিরতির শর্তে পুনরায় দায়িত্ব নেয়ার সুযোগ রাখার প্রস্তাব দিয়েছে বিএনপি। চলমান জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় দলটি এ প্রস্তাব দিয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের মধ্যাহ্নভোজের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, কোনো ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা উচিত নয়। তবে বিরতির পর তিনি পুনরায় দায়িত্ব পালনের সুযোগ পেতে পারেন।’

সালাহউদ্দিন জানান, বিএনপির প্রস্তাবের ভিত্তিতে কমিশন ইতোমধ্যে একটি সংশোধিত প্রস্তাবের খসড়া তৈরি করেছে, তবে সেটি এখনই প্রকাশ করতে রাজি নয় বিএনপি। দলীয়ভাবে প্রথমে এটি পর্যালোচনা করা হবে।

প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ ছাড়াও সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব দিয়েছে বিএনপি, যার লক্ষ্য প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো। সালাহউদ্দিন বলেন, ‘প্রেসিডেন্ট যেন দুই কক্ষের সংসদের যৌথ ভোটে নির্বাচিত হন, বিএনপি তা সমর্থন করে।’

তবে কমিশনের আরেকটি প্রস্তাব—একই ব্যক্তি যেন একসঙ্গে সরকার প্রধান, দলীয় প্রধান ও সংসদীয় নেতা না হতে পারেন—এর সঙ্গে দ্বিমত পোষণ করেছে বিএনপি। সালাহউদ্দিন বলেন, ‘আমরা মনে করি, একজন ব্যক্তি একাধিক দায়িত্ব পালন করলে সমস্যা নেই। তাই বিষয়টি উন্মুক্ত রাখার পরামর্শ দিয়েছি।’

এছাড়া বিএনপি সংবিধানের প্রস্তাবনাকে ১৫তম সংশোধনীর আগের ভাষায় ফিরিয়ে নেয়ার পক্ষে মত দিয়েছে। সালাহউদ্দিন জানান, সে সময়ের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষতা বা বহুত্ববাদের উল্লেখ ছিল না। তবে স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লিখিত ‘সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়ের’ নীতিগুলো অন্তর্ভুক্ত করার পক্ষে বিএনপি।

তাছাড়া, ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়েও বিএনপি সমর্থন জানিয়েছে। সালাহউদ্দিন বলেন, ‘এটি ইতোমধ্যেই মৌলিক অধিকার হিসেবে বিবেচিত হচ্ছে, মূল কথা হচ্ছে যেন রাষ্ট্র ইচ্ছামতো ইন্টারনেট বন্ধ করতে না পারে।’

তিনি আরও বলেন, ‘কমিশনের অধিকাংশ প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত হলেও কিছু বিষয়ের ওপর এখনো বিস্তারিত পর্যালোচনা ও আলোচনা প্রয়োজন।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ