ঐকমত্য কমিশনে গণভোটের রায় মানার প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি: বদিউল আলম মজুমদার
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সময় গঠিত ঐকমত্য কমিশনে বিএনপির প্রতিনিধিরা গণভোটের রায় মেনে নেওয়ার কথা বলেছিলেন। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।
সম্প্রতি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের প্রেক্ষাপটে সংবিধান সংস্কার ও সংস্কার পরিষদ নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ড. বদিউল আলম মজুমদার বলেন, ত্রয়োদশ সংশোধনীর রায় অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা হওয়ার বিধান রয়েছে। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার চূড়ান্ত কাঠামো নির্ভর করবে দুটি বিষয়ের ওপর—পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত মামলার রায় এবং জুলাই জাতীয় সনদে গণভোটে অনুমোদিত ৪৮টি বিষয়ের ওপর।
সংবিধান সংস্কার পরিষদ এখনও গঠন না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “এটি সময়ের বিষয়। আমরা আশা করি, রাজনীতিবিদরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দায়িত্বশীল আচরণ করবেন। জনগণের রায়ে চূড়ান্ত হওয়া বিষয় নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি না করাই শ্রেয়।”
তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদের মাধ্যমেই আসবে, সম্ভবত সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে। “গণভোটে জনগণ যে রায় দিয়েছে, সেটিই চূড়ান্ত বলে বিবেচিত হওয়া উচিত,” উল্লেখ করেন তিনি।
গণভোটে উপস্থাপিত ৪৮টি বিষয়ের পক্ষে জনগণের সমর্থন এসেছে জানিয়ে তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে সেই রায় মেনে সংবিধান সংশোধনের আহ্বান জানান।
গণভোটের ফলাফলের ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্নের জবাবে ড. বদিউল আলম মজুমদার বলেন, “ঐকমত্য কমিশনে বিএনপির প্রতিনিধিরা গণভোটের রায় মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা আশা করি, সরকার ও বিরোধী দল পারস্পরিক আলোচনার মাধ্যমে জনগণের রায়কে সমুন্নত রাখবে।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে