Views Bangladesh Logo

বিএনপির সংসদীয় দলের বৈঠক: রামিসা ধর্ষণ-হত্যা মামলার দ্রুত বিচারসহ নানা সিদ্ধান্ত

বিএনপি সংসদীয় দলের বৈঠকে গত এক মাসে সাতটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি চাকরি-উপযোগী শিক্ষা, জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়। শনিবার (৬ জুন) বিকেলে বৈঠকটিতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ চাঁদাবাজি ও মাদকবিরোধী কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন, যা প্রধানমন্ত্রী পূর্ণ সমর্থন জানান। একই সঙ্গে পল্লবীর শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

বৈঠক শেষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, সাতটি মন্ত্রণালয়ের মন্ত্রীরা তাদের অগ্রগতি, বিদ্যমান সমস্যা এবং সমাধানের উপায় তুলে ধরেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রসঙ্গ তুলে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী পাঠ্যসূচিতে চাকরি-উপযোগী শিক্ষা অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যে শিক্ষা মানুষকে দক্ষ বা কর্মক্ষম করে না, তা কার্যকর নয়। এছাড়া একাদশ শ্রেণিতে ভর্তি ফি ২,০০০–৩,০০০ টাকা কমানো হয়েছে এবং অতিরিক্ত ফি আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্য খাতে ডেঙ্গু ও হাম প্রতিরোধে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়। উপজেলা পর্যায়ে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ নিচ্ছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ইতোমধ্যে ১,০০০ কিলোমিটার নতুন সড়কের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেছে। কাজ কম খরচে ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এছাড়া যুব প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি, ঢাকার ভেতরে ও বাইরে বিকেএসপির শাখা সম্প্রসারণ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার দ্রুত সম্পন্ন করা এবং নারী ও শিশু উন্নয়ন বিষয়েও পদক্ষেপ নেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ