আরপিও সংশোধনীর সঙ্গে একমত নয় বিএনপি, সিইসিকে চিঠি
জোটবদ্ধভাবে নির্বাচন করলে দলগুলোর নিজস্ব প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর সংশোধনীর সঙ্গে একমত নয় বিএনপি। আরপিওর ২০ নম্বর অনুচ্ছেদে আগের বিধান বহাল রাখার দাবি জানিয়ে দলটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে চিঠি দিয়েছে।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে দলের অবস্থান তুলে ধরেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।
তিনি বলেন, ‘জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে—আরপিওর এই সংশোধনীর সঙ্গে বিএনপি একমত নয়। পূর্বের বিধানই বহাল রাখা উচিত।’
ইসমাইল জবিউল্লাহ আরও বলেন, ‘কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেই এই সংশোধনের প্রস্তাব দেয়া হয়নি। আলোচনাবিহীনভাবে এমন সিদ্ধান্ত গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করেছে।’
তিনি জানান, এ বিষয়ে উপদেষ্টা পর্যায়েও চিঠি দেয়া হবে। তার মতে, জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলে দলগুলোর প্রতীক বেছে নেয়ার স্বাধীনতা থাকা উচিত।
সম্প্রতি নির্বাচন কমিশন আরপিওর ২০ নম্বর অনুচ্ছেদে সংশোধনী চূড়ান্ত করেছে, যেখানে বলা হয়েছে—জোটবদ্ধ নির্বাচনে অংশ নিলেও প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এই সংশোধনী বাতিলের দাবিতে বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে