Views Bangladesh Logo

সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাবকে বিএনপি কখনো সমর্থন করেনি: ফখরুল

সংবিধান সংস্কার পরিষদ গঠন বা সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচন পদ্ধতিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার কোনো প্রস্তাবকে বিএনপি কখনো সমর্থন করেনি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রনালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২ মে) সকালে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি হলো সংস্কারের জনক। বর্তমানে জামায়াত সংস্কারের নামে যে আন্দোলন পরিচালনা করছে, তার মূল লক্ষ্য হলো দেশকে অস্থিতিশীল করে তোলা। এই মুহূর্তে দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সবাইকে মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিগত সরকারের শাসনামলে হওয়া অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে নীতি-নৈতিকতাহীন একটি সমাজ ব্যবস্থা তৈরি করে গেছে এবং হাসিনা সরকার দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আমি সরকারের ভেতরে যতোটা প্রবেশ করি, ততোই আতঙ্কিত হই। প্রশাসনের যেখানেই তাকাই, সেখানেই অনিয়ম, দুর্নীতি আর স্বজনপ্রীতি দেখতে পাচ্ছি। লবিং ছাড়া কোথাও কোনো কাজ হচ্ছে না। গত ১৫ বছরে দেশে এমনই এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে।

স্মরণসভায় জিয়া পরিষদের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মরহুম ডা. মো. আব্দুল কুদ্দুসের বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতি চারণ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ