হাতিয়ায় ধর্ষণবিরোধী বিক্ষোভে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫
নোয়াখালীর হাতিয়ায় একটি ধর্ষণের ঘটনায় প্রতিবাদ মিছিল ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত প্রায় ৮টার দিকে হাতিয়া উপজেলার ওচখালি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর হাতিয়া থেকে ঢাকাগামী এমডি ফারহান নামের একটি লঞ্চের কেবিনে গত রোববার (৮ মার্চ) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দুই সন্দেহভাজনকে আটক করে। বর্তমানে ওই ছাত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে ওচখালিতে এনসিপি নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। একই সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও সেখানে জড়ো হন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
হাতিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফাহিম উদ্দিন দাবি করেন, ধর্ষণ মামলার আসামিরা এনসিপির সমর্থক। তিনি অভিযোগ করেন, বিএনপি প্রতিবাদ মিছিল বের করলে এনসিপি নেতাকর্মীরা সড়কের মোড়ে জড়ো হয়ে বিএনপির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
তার অভিযোগ, পরে বিএনপির মিছিল থানা এলাকা থেকে ফেরার সময় এনসিপি কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম দুখু সহ কয়েকজন আহত হন।
তবে জাতীয় যুব শক্তির হাতিয়া উপজেলা নেতা ইউসুফ দাবি করেন, বিএনপি নেতাকর্মীরাই প্রথমে তাদের বিক্ষোভ মিছিলে হামলা চালায়, এতে তাদের পাঁচজন কর্মী আহত হন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, দুই পক্ষ পৃথক মিছিল বের করে মুখোমুখি হলে সামান্য ধস্তাধস্তির ঘটনা ঘটে।
তিনি জানান, “বড় কোনো সংঘর্ষ হয়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে