‘গোপালীরা ভালো চাইবে না’, নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাদের তালিকা চাইলেন এমপি
নারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চেয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি দাবি করেছেন, ‘গোপালগঞ্জের’ লোকজন দিয়ে আবারও নারায়ণগঞ্জ ভরে গেছে।
রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দেওয়ার সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে এ তালিকা চান তিনি।
আজহারুল ইসলাম মান্নান বলেন, একটা কথা বলতে গেলে এসপি সাহেবের উপরে পড়ে। তবু আমি বলি। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও বলব এই কথাটা। আজ আমি যাইতেছি ঢাকা। ৫ আগস্টের আগে পুরো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন গোপালী দিয়ে ভরে গিয়েছিল। এখনও আবার ঘুরেফিরে সেই গোপালী দিয়া ভইরা গেছে। পুরো নারায়ণগঞ্জ জেলা গোপালী দিয়া ভইরা গেছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা কেমনে সুন্দর হবে? গোপালীরা কি আমাদের ভালো চাইবে? ভালো চাইবে না।
এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চেয়ে এমপি বলেন, এটার লিস্ট চাই আমরা। কার বাড়ি কোন দেশে, এই নারায়ণগঞ্জে কোন থানার মধ্যে কেডা আছে, এইটার লিস্ট চাই। তালিকা চাই আমরা। ঘুরেফিরে আবার ওই গোপালী দিয়ে ভরে গেছে পুরো নারায়ণগঞ্জ।
জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তার এ বক্তব্যের পর সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা ও দায়িত্ব পালনের পরিবেশ নিয়েও প্রশ্ন উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে সরব নেটিজেনরা। তারা এটিকে ‘আঞ্চিলিক বিদ্বেষ’ বলছেন।
মতামত দিন