Views Bangladesh Logo

বগুড়ায় রাতে কেন্দ্রে প্রবেশের চেষ্টায় জামায়াত, পাহারায় বিএনপি

গুড়ার দুটি আসনে ভোটকেন্দ্র ঘিরে উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটেছে। একদিকে কেন্দ্রে অবৈধভাবে প্রবেশের অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করা হয়েছে। অন্যদিকে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীর বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে ভোট চুরি ঠেকাতে রাত জেগে কেন্দ্রে পাহারা দিচ্ছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বগুড়া-৬ (সদর) আসনের শহরের ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশের অভিযোগে নাসিরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। তিনি বগুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।

জানা গেছে, রাতে ১০ থেকে ১৫ জন জামায়াতে ইসলামীর নেতাকর্মী ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করেন। ওই সময় খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নাসিরুল ইসলামকে আটক করা হয়। এ অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার।

আটক হওয়া নাসিরুল ইসলাম দাবি করেন, তিনি পোলিং এজেন্টের তালিকা দিতে কেন্দ্রে গিয়েছিলেন।

একই রাতে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের ধুনট উপজেলার হটিয়ারপাড়া ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল নেতা মিলন মিয়াকে ছুরিকাঘাত করা হয়। রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। মিলন ধুনট ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। বর্তমানে তিনি ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, জামায়াত-শিবিরের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী অতর্কিতভাবে মিলনের ওপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে। তারা এটিকে পরিকল্পিত হামলা বলে দাবি করেন।

ধুনট থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান আলী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। থানায় লিখিত অভিযোগও পাওয়া যায়নি। কারা হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, ভোট চুরি ঠেকাতে জেলা জুড়ে কেন্দ্র পাহারা দিচ্ছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের শাজাহানপুরের ভোট কেন্দ্রগুলো রাত জেগে পাহাড়া দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুলাহ ছোটন।

তিনি আরও জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রাতেই কেন্দ্র প্রবেশ করে ভোট ডাকাতি করবে-এমন আশঙ্কা থেকে কেন্দ্র পাহাড়া দেওয়া হচ্ছে।

স্বেচ্ছাসেবক দলের বগুড়া শহর কমিটির সাধারণ সম্পাদক হোসেন আলী জানান, রাতে ভোট কেন্দ্র পাহাড়া দিয়ে আমরা বিজয় নিয়েই ঘরে ফিরবো। আমাদের বিরোধীপক্ষ রাতেই ভোট দেওয়ার পরিকল্পনা করেছে।যেকোনোভাবেই হোক না কেন, তাদের রুখে দিতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ