Views Bangladesh Logo

বিএনপির নেতাকর্মীদের অব্যবস্থাপনা ভয়াবহ ফল ডেকে আনতে পারে: রুমিন ফারহানা

 VB  Desk

ভিবি ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপির নেতাকর্মীরা যদি এখনই নিজেদের নিয়ন্ত্রণ না করে, তবে এর পরিণতি ভয়াবহ হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে স্থানীয় বিএনপির একাংশের হামলার শিকার হওয়া পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

রুমিন ফারহানা অভিযোগ করেন, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্য হিসেবে ১২টা ১ মিনিটে তারই সবার আগে ফুল দেওয়ার কথা ছিল, কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী তার ও তার সমর্থকদের ওপর হামলা চালায়। তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনায় এসেছে। যদি দল উঁচু পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করে, তবে এটি দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে।”

তিনি এই হামলাকে ‘পুরোপুরি পূর্বপরিকল্পিত’ এবং ‘ভয়ংকর হিংস্রতা’ হিসেবে অভিহিত করেন। তার দাবি, নির্বাচনে পরাজিত হওয়ার কষ্ট এবং কোটি কোটি টাকার লেনদেনে ব্যর্থ হয়ে কিছু গুন্ডা প্রকৃতির নেতাকর্মী এই তাণ্ডব চালিয়েছে।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে রুমিন ফারহানা সরাইল উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন। ওই সময় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে কিছু নেতাকর্মী ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে রুমিন ফারহানার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সমর্থকেরা প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন, যা প্রশাসনের আশ্বাসে এক ঘণ্টা পর তুলে নেওয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ