Views Bangladesh Logo

নিখোঁজের দুই দিন পর কাপ্তাই হ্রদে মিলল বিএনপি নেতার মরদেহ

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজের দুই দিন পর বিএনপি নেতা মো. মাসুদের (৫০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও পুলিশ।

সোমবার (২০ জুলাই) দুপুরে কাপ্তাই উপজেলার গর্জনটিলা এলাকায় হ্রদে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে যৌথ উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত মো. মাসুদ কাপ্তাই ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

স্বজনরা জানান, তিনি প্রতি সপ্তাহে ইঞ্জিনচালিত নৌকায় চাল, ডাল, সবজিসহ বিভিন্ন নিত্যপণ্য নিয়ে বিলাইছড়ি বাজারে বিক্রি করতে যেতেন। গত শনিবার পণ্য বিক্রি শেষে ফেরার পথে কাপ্তাই হ্রদে নিখোঁজ হন। ওই দিন বিকেলে গর্জনটিলা এলাকা থেকে তার নৌকাটি উদ্ধার করা হয়।

কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. আবদুল লতিফ জানান, স্থানীয়দের খবরে পুলিশ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ