Views Bangladesh Logo

নিখোঁজের দুই দিন পর কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

নিখোঁজ হওয়ার দুই দিন পর আজ সোমবার দুপুরে রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতা মো. মাসুদের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বেলা একটায় কাপ্তাই উপজেলার গর্জনটিলা এলাকায় হ্রদে তার মরদেহ ভেসে ওঠে। এরপর স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও নৌবাহিনীর যৌথ দল মরদেহটি উদ্ধার করে।

মো. মাসুদ কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। তিনি পেশায় ব্যবসায়ী। তার স্বজনেরা জানান, তিনি প্রতি সপ্তাহে নিজের ইঞ্জিনচালিত নৌকা করে চাল, ডাল, সবজিসহ নিত্যপণ্য নিয়ে বিলাইছড়ি বাজারে বিক্রি করেন। গত শনিবার পণ্য বিক্রি করে ফেরার পথে কাপ্তাই হ্রদে নিখোঁজ হন তিনি। ওই দিন বিকেলে গর্জনটিলা এলাকা থেকে তার নৌকাটি উদ্ধার করে পুলিশ।

কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. আবদুল লতিফ বলেন, স্থানীয় লোকজন আজ দুপুরে গর্জনটিলা এলাকায় তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।

কাপ্তাই ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, বিএনপি নেতার মরদেহ ভাসমান অবস্থা দেখতে পেয়ে লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের লোকজন সেখানে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান বলেন, নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ