Views Bangladesh Logo

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় একটি দোকানে বসে থাকা অবস্থায় মো. জাকির হোসেন (৪৩) নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত জাকিরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জাকির হোসেন রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল জলিল শেখের ছেলে। স্থানীয় বিএনপির সার্চ কমিটির সদস্য জাকির পেশায় ইট-বালুর ব্যবসায়ী ছিলেন। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদের বড় ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় স্বল্পবাহিরদিয়া গ্রামের হীরক নামে এক ব্যক্তির দোকানে বসেছিলেন জাকির। এ সময় বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে একটি মোটরসাইকেলে করে হেলমেট পরা দুই ব্যক্তি সেখানে আসে। মোটরসাইকেলটি দোকানের পাশে রেখে তাদের একজন ভেতরে প্রবেশ করে জাকিরের মাথা লক্ষ্য করে গুলি চালায়। এরপর দুজনই মোটরসাইকেলে করে দ্রুত ফকিরহাটের দিকে পালিয়ে যায়।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে রক্তাক্ত অবস্থায় জাকিরকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, দুর্বৃত্তরা জাকিরের মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহত ব্যক্তি ইট-বালুর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে হামলাকারীদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ