Views Bangladesh Logo

আটকের ১২ ঘন্টা পর মুক্তি পেলেন কুমিল্লার বিএনপি নেতা

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে দীর্ঘ সাড়ে ১২ ঘণ্টা পুলিশি হেফাজতে রাখার পর ছেড়ে দেওয়া হয়েছে। রোববার (৩ মে) দিবাগত রাত ১২টার দিকে কোতোয়ালি মডেল থানা থেকে তিনি মুক্তি পান।

এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা শহরতলীর শাসনগাছা এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করে কোতোয়ালি মডেল থানা ও ডিবি পুলিশের একটি দল। আটকের পর তাকে থানায় নিয়ে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, কিছু নির্দিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছিল। রাত ১২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আমরা বিষয়গুলো আরও খতিয়ে দেখছি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, শাসনগাছা বাস টার্মিনালের চাঁদাবাজি সংক্রান্ত কিছু অভিযোগের ভিত্তিতে উচ্চ পর্যায়ের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ।

এদিকে আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান বলেন, আমাদের সভাপতির বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। পুলিশ জিজ্ঞাসাবাদের পর সত্যতা না পেয়েই তাকে মুক্তি দিয়েছে। এটি মূলত তাকে হয়রানি করার একটি চেষ্টা ছিল।

রেজাউল কাইয়ুমকে আটকের খবর ছড়িয়ে পড়লে দুপুর ১২টা থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন বিএনপি নেতা-কর্মীরা। অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিক ও চালকরা। এর ফলে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ওই রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পরে জেলা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ