Views Bangladesh Logo

গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে নিহত বিএনপি নেতা, আহত শতাধিক

গোপালগঞ্জের মুকসুদপুরে ১০টি যানবাহনের সংঘর্ষে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও রয়েছে। এতে সংসদ সদস্যের গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত রয়েছেন।

নিহত বিএনপি নেতার নাম ইলিয়াস ফকির। তিনি রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের মধ্যে সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনায় চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে নির্বাচনী এলাকার উদ্দেশে যাওয়ার পথে তাঁর গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। এতে বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে সংসদ সদস্য অক্ষত রয়েছেন।

বিএনপি নেতা ইলিয়াস ফকিরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ