Views Bangladesh Logo

নিজ বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আটক ১

কিশোরগঞ্জের মিঠামইনে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর নিহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বেড়িবাঁধ এলাকায় নিজস্ব বাগানবাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদুল আলম তার বাগানবাড়ির সামনে অবস্থান করার সময় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর আচমকা হামলা চালায় তিনজন দুর্বৃত্ত। দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ধাওয়া করে এক হামলাকারীকে ধরে ফেললেও বাকি দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আনন্দ বসাক জানান, রাত সাড়ে ১১টার দিকে জাহিদুল আলম জাহাঙ্গীরকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

ওই চিকিৎসক আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, এ ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ