Views Bangladesh Logo

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে ওসমান গনি (৪০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে নিহতের স্বজন ও দলীয় নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়ক অবরোধ করে কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান।

বুধবার (২০ মে) দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওসমান গনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান আলীর সঙ্গে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে মধ্যরাতে তার লোকজন ওসমান গনির ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার জাবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

এ হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল থেকে নিহতের স্বজন ও বিএনপি নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে অবরোধ দিয়ে কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতেও কাজ করছে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ