Views Bangladesh Logo

চুয়াডাঙ্গায় টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপি নেতা খুন, আহত চারজন

চুয়াডাঙ্গায় টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন স্থানীয় নেতা রফিকুল ইসলাম রফিক। নিহত রফিকুলের ভাইসহ আরও চারজনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষ।

নিহত রফিক (৫০) সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তিতুদহ গ্রামের মাঝেরপাড়ার মৃত. রহিম মল্লিকের ছেলে।

আহত রফিকের বড় ভাই শফিকুল ইসলাম (৫২), একই গ্রামের কামারপাড়ার মৃত জহুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৫০), মৃত আবু বক্করের ছেলে আব্দুল আলিম (৫৫) ও পাশের হুলিয়ামারি গ্রামের মৃত শরবত মণ্ডলের ছেলে আইনাল হক (৫০) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন গ্রুপ ও সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক গ্রুপের মধ্যে টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে কিছুদিন ধরে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছিল। চলছিল। শনিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তিতুদহ বাজারে ইউনিয়ন পরিষদের সামনে বাকবিতণ্ডার জেরে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুইপক্ষ।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, আহত চারজনের মধ্যে শফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তার মাথার হাড় ভেঙে গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস সাংবাদিকদের বলেন, পুলিশ গিয়ে সংঘর্ষ থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ