বাগেরহাটে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু
বাগেরহাট সদর উপজেলার রণবিজয়পুর গ্রামে নিজ বাড়ি থেকে বিএনপির এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) দুপুরে আবুল কালাম চাকলাদার (৫৫) নামে ওই নেতার মরদেহ উদ্ধার করা হয়।
আবুল কালাম চাকলাদার সাতগম্বুজ ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য ও একটি ওয়ার্ড বিএনপির নেতা ছিলেন। এর আগে তিনি সদর উপজেলা বিএনপির বিভিন্ন কমিটিতেও দায়িত্ব পালন করেছেন।
স্বজনরা জানান, প্রায় এক বছর ধরে তিনি বাড়িতে একাই বসবাস করছিলেন। তার স্ত্রী ও সন্তানরা শহরে থাকতেন। শনিবার সকালে এক স্বজন খাবার নিয়ে বাড়িতে গিয়ে দরজা খোলা দেখতে পান। পরে ঘরের ভেতরে জানালার সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় বিছানায় বসে থাকা তার মরদেহ দেখতে পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন তারা।
নিহতের স্বজন ইয়াসমিন বেগম দাবি করেন, এটি আত্মহত্যা বলে তিনি মনে করেন না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানান তিনি।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শিমুল বলেন, সাম্প্রতিক সময়ে আবুল কালাম চাকলাদার পারিবারিক অশান্তির মধ্যে ছিলেন। তবে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।
মতামত দিন