‘গায়েবি মামলা’ করায় বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা
ভোটের দিন ছিলেন কারাগারে। অথচ ভোট দিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন— এমন অভিযোগে মামলা করেছিলেন রাজশাহীর বিএনপির স্থানীয় এক নেতা। রোববার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক মো. সাদ্দাম হোসেন সেই মামলার রায়ে মিথ্যা মামলা করায় বাদীকে এক লাখ টাকা জরিমানা করেছেন।
দণ্ড পাওয়া বাদী সাজ্জাদ হোসেন (৪৬) পবা উপজেলার হরিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি। গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ আগস্ট রাজশাহী মহানগরের দামকুড়া থানায় তিনি মামলাটি করেছিলেন। মামলায় হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজভী আল হাসান মুঞ্জিল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য সাইদুর রহমানসহ দলটির ১৩ নেতা-কর্মীকে আসামি করা হয়েছিল।
এজাহারে বাদী অভিযোগ করেছিলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট দিতে কসবা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গেলে আসামিরা তাকে বাধা দেন। প্রবেশের চেষ্টা করলে ইউপি চেয়ারম্যান পিস্তল দেখিয়ে গুলির হুমকি দেন এবং অন্যরা ধাওয়া করেন। একপর্যায়ে কয়েকজন আসামি পিস্তল থেকে গুলি ছোড়েন এবং বাঁশের লাঠি, হাঁসুয়া ও পাসলি দিয়ে তাকে মারধর করে রক্তাক্ত করেন। পরে আশপাশের লোকজন এসে তাকে রক্ষা করেন।
তবে আদালতে প্রমাণিত হয়, ঘটনার ওই দিন বাদী সাজ্জাদ হোসেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। ফলে মামলার বিবরণ সন্দেহাতীতভাবে মিথ্যা প্রমাণিত হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, মিথ্যা মামলায় দুজন আসামি গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। জরিমানার এক লাখ টাকা তারা ৫০ হাজার টাকা করে পাবেন। সাত দিনের মধ্যে জরিমানা পরিশোধ করে ব্যাংক চালানের কপি আদালতে জমা না দিলে বাদীকে এক মাস কারাভোগ করতে হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে