ব্রাজিলের জয়ে নাচের ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয়ের পর থ্রি-পিস পরে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদের স্বাক্ষরিত বহিষ্কারাদেশে জানানো হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্যপদ এবং ওয়ার্ড সভাপতির পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, বিশ্বকাপে জাপানকে ২-১ গোলে হারিয়ে ব্রাজিলের জয়ের পর মিন্টু থ্রি-পিস পরে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে খন্দকার আমিনুল ইসলাম মিন্টুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মতামত দিন