নরসিংদীতে ব্যবসায়ীর কান কামড়ে জখম: বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
নরসিংদীর পলাশ উপজেলায় এক বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর, চাঁদা দাবি এবং কান কামড়ে জখম করার অভিযোগে ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়াসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে মেসার্স সজীব ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সজীব মিয়া পলাশ থানায় মামলাটি করেন। বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন।
মামলায় মহিউদ্দিন চিশতিয়াকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আরও ১০ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, একটি শিল্পপ্রতিষ্ঠানে বালু সরবরাহের কাজের অংশ হিসেবে সোমবার বিকেলে ঘোড়াশালের টেকপাড়ায় নদীর তীরে ড্রেজার মেশিন বসানোর সময় একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। বালু ব্যবসায়ী সাখাওয়াত হোসেন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে অস্ত্রের মুখে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় ড্রেজার মেশিনের পাইপ ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
মামলায় আরও বলা হয়, সাখাওয়াতকে বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়ার বাড়িতে নিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তার কানে কামড়ে জখম করা হয় এবং গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টাও করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে রেখে গেলে স্থানীয়রা উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পলাশ থানার ওসি শাহেদ আল-মামুন বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মহিউদ্দিন চিশতিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মতামত দিন