Views Bangladesh Logo

হবিগঞ্জে এনসিপির মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতার জামিন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ নেতাকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (২ আগস্ট) হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন অভিযুক্তরা। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল বলেন, মামলার এজাহারে ঘটনার সময়, তারিখ ও স্থান স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগও নেই। এসব বিষয় বিবেচনায় নিয়েই আদালত জামিন মঞ্জুর করেছেন।

জামিন পাওয়ার পর জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সে কারণেই আদালতের শরণাপন্ন হয়ে নিয়ম অনুযায়ী জামিনের আবেদন করা হয়েছিল এবং আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও জেলা শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি চলাকালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জেলা শহরের সমাবেশ শেষে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও কেন্দ্রীয় নেতা সারজিস আলম সার্কিট হাউজের উদ্দেশে রওনা দিলে কোর্ট মসজিদ এলাকায় তাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলায় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সারজিস আলমসহ এনসিপির কয়েকজন নেতা-কর্মী নিকটবর্তী সোনালী ব্যাংকের একটি শাখায় আশ্রয় নেন। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন।

এ ঘটনার পর বুধবার রাতে এনসিপির সহযোগী সংগঠন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও প্রায় ১০০ জনকে আসামি করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ