ইউএনওর কক্ষে চাকরির পরীক্ষার কাগজ ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ের মেদনী সাগর টেকনিক্যাল ও বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাই করার অভিযোগ উঠেছে হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন এবং তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনা ঘটে শুক্রবার বিকেলে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসে।
কলেজ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানে আয়া ও পরিচ্ছন্নকর্মীর পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৮ জন প্রার্থী অংশ নেন। লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষার (ভিভা) প্রস্তুতি চলছিল।
মেদনী সাগর টেকনিক্যাল ও বিএম কলেজের অধ্যক্ষ হারুনুর রশীদ বলেন, লিখিত পরীক্ষার পর তারা ইউএনওর কক্ষে বসেছিলেন। সেই সময় উপজেলা বিএনপি সভাপতি জামাল উদ্দিন ও তার কয়েকজন সহযোগী সেখানে এসে পরীক্ষক থেকে সব পরীক্ষা পত্র ছিনিয়ে নেন। এই ঘটনায় তারা আইনগত ব্যবস্থা নিতে থানায় অভিযোগ দায়েরের পরিকল্পনা করছেন।
হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, কলেজের লিখিত নিয়োগ পরীক্ষা যথাযথ নিয়ম অনুসারে অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তীতে ভিভা শুরু হয়। সেই সময় বিএনপি সভাপতি ও তার সহযোগীরা ইউএনও অফিসে এসে ভিড় সৃষ্টি করেন এবং পরীক্ষক থেকে পরীক্ষা পত্র ছিনিয়ে নেন।
ইউএনও আরও জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপি সভাপতি জামাল উদ্দিন দাবি করেন, তারা কোনো কাগজ নেননি। তিনি অভিযোগ করেন, যেহেতু প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ, তাই দলীয় সমর্থকদের নিয়োগ দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি আলোচনার জন্য গেলে ইউএনও তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তিনি আরও বলেন, ইউএনও জামাতপন্থী এবং তাদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ মিথ্যা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে