ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর ও কানে কামড় দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
নরসিংদীর পলাশ উপজেলায় এক বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর এবং কানে কামড় দেওয়ার অভিযোগ উঠেছে ঘোড়াশাল পৌর বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন।
ঘটনাটি ঘটে সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলের সামনে। অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
আহত ব্যবসায়ী সাখাওয়াত হোসেন (৪৮) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সাখাওয়াত অভিযোগ করেন, ঘোড়াশালে বাংলাদেশ জুট মিলের ভেতরে টি কে গ্রুপের নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানের বালু ভরাটের কাজের জন্য তিনি শীতলক্ষ্যা নদীতে ড্রেজার বসিয়েছিলেন। সোমবার বিকেলে শ্রমিকদের বেতন দিয়ে বাড়ি ফেরার পথে জুটমিলের সামনে দুটি মোটরসাইকেলে চারজন এসে তার পথরোধ করে।
তার অভিযোগ, পরে তাকে জোর করে মোটরসাইকেলে তুলে মহিউদ্দিন চিশতিয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় এক ঘণ্টা আটকে রেখে তাকে মারধর করা হয়। একপর্যায়ে মহিউদ্দিন তার গলা চেপে ধরে কানে কামড় দেন, এতে গুরুতর জখম হয়।
সাখাওয়াত আরও অভিযোগ করেন, ওই এলাকায় ড্রেজার বসানোর বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের পর মহিউদ্দিন ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং দ্রুত ড্রেজার সরিয়ে এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহিউদ্দিন চিশতিয়া বলেন, তিনি একটি রাজনৈতিক কর্মসূচি নিয়ে ব্যস্ত আছেন। পরে ভিডিও বক্তব্যের মাধ্যমে বিস্তারিত জানাবেন।
পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবদুল্লাহ আল মামুন জানান, কানে গুরুতর আঘাত নিয়ে সাখাওয়াত হাসপাতালে আসেন। তার কানে চারটি সেলাই দিতে হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী মহিউদ্দিন চিশতিয়াসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন