নগরবাসীর কাছে বিএনপির দুঃখ প্রকাশ
বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখার আলোকে আয়োজিত এক মাসব্যাপী 'তারুণ্যের সমাবেশ' কর্মসূচির শেষ দিনে নয়াপল্টনে আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া যানজট ও জনদুর্ভোগের জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে আয়োজক সংগঠনগুলো—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
বৃহস্পতিবার (৩০ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সূচনা বক্তব্যে নগরবাসীর প্রতি দুঃখ প্রকাশ ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না লিখিত বক্তব্যে বলেন, “তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত ৩১ দফা রূপরেখার ভিত্তিতে দেশের তরুণ সমাজকে নীতিনির্ধারণী প্রক্রিয়ায় যুক্ত করতে এক মাসব্যাপী ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়। এর মূল লক্ষ্য ছিল তরুণদের সৃজনশীলতা, দক্ষতা ও ভাবনাকে কাজে লাগিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক-অর্থনৈতিক দিগন্ত উন্মোচন করা।”
তিনি আরও বলেন, “এই কর্মসূচির প্রতি অভূতপূর্ব সাড়া দেওয়ায় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে তরুণ শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, পেশাজীবী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার ও উদ্যোক্তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তাদের ঐক্য ও সচেতনতা আমাদের উদ্যোগকে সফল করার পাশাপাশি ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আন্দোলনে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।”
তবে ঢাকাসহ বিভিন্ন শহরে বিপুল জনসমাগমের ফলে সৃষ্ট যানজট ও নাগরিক দুর্ভোগের জন্য গভীর দুঃখ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তাকারী প্রশাসন, পুলিশ ও ট্রাফিক বিভাগকে ধন্যবাদ জানান।
তিনি জানান, সমাবেশ শেষে তারেক রহমানের নির্দেশনায় তিনটি সংগঠন যৌথভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে। এতে সহযোগিতাকারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান প্রমুখ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে