প্রথমবার নির্বাচিত এমপিদের জন্য কর্মশালার আয়োজন বিএনপির
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে বিএনপি তার সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় গুলশানে দলের চেয়ারম্যান কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, 'বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই প্রশিক্ষণ কর্মশালায় সংসদ সদস্যদের সঙ্গে আছেন।'
উদ্বোধনী পর্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ হোসেনসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় নতুন সংসদ সদস্যদের জন্য সংসদের কার্যপ্রণালি, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট নথি বিশ্লেষণ, সংসদীয় কমিটির কার্যক্রমসহ প্রয়োজনীয় বিধি-বিধান উপস্থাপন করা হবে। অভিজ্ঞ সংসদ সদস্যরা তাদের জ্ঞান ও অভিজ্ঞতা নতুনদের সঙ্গে ভাগ করে নেবেন।
দুই দিনের কর্মশালায় প্রথম দিনে সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা, বিকালে ঢাকা, রাজশাহী, রংপুর ও ফরিদপুর বিভাগের অংশবিশেষের সংসদ সদস্যরা অংশ নেবেন। পরদিন শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি সদস্যরা এবং বিকালে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা অংশগ্রহণ করবেন।
ত্রয়োদশ সংসদে বিএনপির ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যার মধ্যে ১৪৬ জন প্রথমবার সংসদে এসেছেন। তাই নতুন সদস্যদের সংসদীয় বিধি-বিধান ও কার্যপ্রণালি সম্পর্কে অভিজ্ঞতা না থাকায় এই কর্মশালার গুরুত্ব অনেক বেশি।
বিএনপির একজন সিনিয়র নেতা জানান, কর্মশালায় পয়েন্ট অব অর্ডার উত্থাপন, বিল প্রণয়ন ও আলোচনায় অংশ নেওয়া, নিজ এলাকার সমস্যা তুলে ধরা, রাষ্ট্রপতির ভাষণের প্রাসঙ্গিক আলোচনা এবং সংসদ অধিবেশনে উপস্থিতি নিশ্চিত করা প্রভৃতি বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে