সংসদের প্রথম অধিবেশন কাল, স্পিকার ও ডেপুটি স্পিকারের সিদ্ধান্ত আজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে। তবে আজ অনুষ্ঠিত হবে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক, যেখানে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বুধবার (১১ মার্চ) সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধিবেশনের শুরুতে সভাপতিত্ব বিষয়েও আলোচনা হবে।
এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন, আজকের বৈঠকে নতুন স্পিকার নির্বাচনসহ অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন, সব ঠিক হবে।
সংখ্যাগরিষ্ঠতার কারণে সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। জামায়াতে ইসলামী এই পদ গ্রহণ করবে কি না, তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে আজ বিরোধী দলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
বিএনপি সূত্রে জানা গেছে, স্পিকার পদে দলের স্থায়ী কমিটির দুই সদস্য আব্দুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ এবং সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে হাফিজ উদ্দিন আহমদের ব্যাপারে আলোচনা বেশি।
তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি।
সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। সাধারণত প্রথম অধিবেশন দীর্ঘ হয় এবং এর সময়কাল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারিত হবে।
বিএনপি সূত্রে জানা গেছে, সংসদের শীর্ষ পদগুলোতে অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তি বসাতে চাইছে দল। স্পিকার পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হাফিজ উদ্দিন আহমদ, আব্দুল মঈন খান ও ওসমান ফারুক।
আগামীকাল বেলা ১১টায় শুরু হবে নতুন সংসদের প্রথম অধিবেশন। এটি কত দিন চলবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে