জুলাই সনদের বাইরে বিএনপির কোনো বক্তব্য নেই: সালাহউদ্দিন
জুলাই সনদের বাইরে বিএনপির কোনো বক্তব্য নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার আশরাফুল উলুম মাদ্রাসার মাঠে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি বলেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে আছে বিএনপি এবং ঐক্যমত্যের ভিত্তিতে প্রণীত এই সনদের প্রতিটি প্রস্তাব অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। জুলাই জাতীয় সনদের বাইরে বিএনপির কোনো ভিন্ন অবস্থান নেই।
সালাহউদ্দিন আহমেদ বলেন, যেটা জাতীয়ভাবে ঐকমত্য হয়েছে, সেই বিষয়ে আমরা ঐক্যবদ্ধ। যেটা ঐকমত্যের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে, সেটার প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই জাতীয় সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নেই।
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির লক্ষ্য দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করা। মানুষের শান্তি-শৃঙ্খলা, আইনের শাসন, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্যই আমরা রাজনীতি করি। এসব বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই ঐক্যের ভিত্তিতেই প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা হবে।
সংবিধান প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে প্রথমবারের মতো ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন এবং মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তা বাতিল করে। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, দায়িত্ব পেলে সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনরায় সংযোজন করব।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে