পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজও করবে বিএনপি সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু পদ্মা ব্যারেজ নয়, বিএনপি সরকার তিস্তা ব্যারেজের কাজও শুরু করবে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে।
বুধবার (২০ মে) বিকেলে গাজীপুরে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
এর আগে দিনব্যাপী গাজীপুর সফরের অংশ হিসেবে টঙ্গীর সাতাইশ এলাকায় ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে এই বিশেষায়িত প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে বলে জানানো হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি তালগাছের চারা রোপণ করেন এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।
পরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য দেন তিনি।
সমাবেশে তারেক রহমান বলেন, সীমান্তের ওপারে ব্যারেজ নির্মাণের কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুষ্ক মৌসুমে পানির সংকট তৈরি হচ্ছে। ফারাক্কা বাঁধের প্রভাবেও উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বাড়ছে।
তিনি বলেন, দেশের মানুষ যেন পর্যাপ্ত পানি পায়, সেজন্য আমরা পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণ করবো। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তা ব্যারেজের কাজও শুরু করা হবে।
সরকারপ্রধান আরও বলেন, বড় বড় কথা নয়, কাজ যদি কেউ করে থাকে বিএনপি করেছে। অনেকেই বড় বড় প্রতিশ্রুতি দেয়, কিন্তু বিএনপি সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে।
প্রাকৃতিক দুর্যোগ নিয়ে তিনি বলেন, দুর্যোগ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।
এ সময় তিনি আরও বলেন, সরকার ঘোষিত খাল খনন কর্মসূচিও ইতোমধ্যে শুরু হয়েছে এবং এটি কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং বাস্তবায়নাধীন কর্মসূচি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে