বিএনপি সরকার স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দেবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বিএনপি সরকার স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, আগামীকাল বাজেট ঘোষণার সময় বিএনপি সরকার স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ ঘোষণা করবে। দীর্ঘদিনের অবহেলিত স্বাস্থ্য খাতকে এবার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু বাজেট ঘোষণা করলেই হবে না, সেই বাজেট সঠিকভাবে বাস্তবায়ন করাই মূল চ্যালেঞ্জ। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে যাতে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায়।
সভায় তিনি ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থার কথাও তুলে ধরেন। তার ভাষায়, দেশের মানুষকে একটি আধুনিক স্বাস্থ্যসেবার আওতায় আনতে ই-হেলথ কার্ড চালুর মাধ্যমে পুরো দেশকে ডিজিটাল স্বাস্থ্য নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ধাপে ধাপে ১০১ শয্যার আধুনিক হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এছাড়া উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাবেক মহাসচিব ডা. মো. আব্দুস সালামসহ সংগঠনের অন্যান্য নেতারা।
আলোচনা সভার সভাপতিত্ব করেন ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

মতামত দিন