Views Bangladesh Logo

শিক্ষায় সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

শিক্ষা খাতে দেশের সবচেয়ে বড় বাজেট বিএনপি সরকার বাস্তবায়ন করেছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২১ আগস্ট) সকালে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ব্র্যাক সিডিএমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত উপাচার্যদের দুই দিনব্যাপী জাতীয় নীতিনির্ধারণী সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে বাস্তব জীবনের প্রয়োজনের সঙ্গে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ করতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনভিত্তিক শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে। পড়াশোনা শেষে শিক্ষার্থীরা যাতে সহজে ক্রেডিট স্থানান্তরের সুযোগ পায়, সে ব্যবস্থাও গড়ে তোলার কথা বলেন তিনি।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, একটি মানসম্মত ও সময়োপযোগী শিক্ষাব্যবস্থা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির অন্যতম ভিত্তি। তাই উচ্চশিক্ষার ক্ষেত্রে বাস্তবমুখী শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য তৈরির প্রয়োজন রয়েছে।

ইউজিসির বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় আয়োজিত এ সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন উপাচার্য অংশ নেন। এ ছাড়া নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দেশি-বিদেশি শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং ইউজিসি ও হিট প্রকল্পের প্রতিনিধিরাও এতে অংশ নেন।

সংলাপে বাংলাদেশের উচ্চশিক্ষার বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ, শ্রমবাজারের পরিবর্তন, শিক্ষার মান ও জবাবদিহির চাহিদা এবং বৈশ্বিক প্রতিযোগিতার বাস্তবতায় বিশ্ববিদ্যালয়গুলোকে আরও উদ্ভাবনী, সুশাসিত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহ্দী আমিন, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ