পটুয়াখালীতে বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, অবরুদ্ধ নুর
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস এলাকায় গণ অধিকার পরিষদ (জিওপি) ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অবরুদ্ধ হয়ে পড়েন।
বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় গণ অধিকার পরিষদের বিক্ষুব্ধ নেতাকর্মীরা চর বিশ্বাস ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর করে। এতে উভয়পক্ষের অন্তত ২০জন আহত হয়েছেন।
এদিকে ঘটনার সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় দলীয় গণসংযোগে ছিলেন। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে বকুলবাড়িয়া ও চিকনিকান্দি এলাকার বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা নুরুল হক নুরকে পাতাবুনিয়া এলাকায় দলীয় কার্যালয়ের মধ্যে অবরুদ্ধ করে রাখে।
রাত দেড়টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে নুর জানান, রাত পৌনে ১০টা থেকে ১টা ২৭ মিনিট পর্যন্ত এখনো অবরুদ্ধ। পুলিশ-সেনাবাহিনী এসে এখনো সন্ত্রাসীদের রাস্তা থেকে হঠাতে পারেনি। নির্বাচনে এই প্রশাসন কীভাবে পরিস্থিতি সামাল দেবে?
ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু নাঈম জানান, এলাকার ব্যবসায়ীদের নিয়ে নুরুল হক নুরের ছোটভাই আমিনুল ইসলাম নুর চর বিশ্বাস বাজারে মতবিনিময় সভা করছিল। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সেখানে অতর্কিত হামলা চালায় এবং নুরুল হক নুরের ছোটভাই আমিনুল ইসলাম নুরকে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার ক্ষুব্ধ লোকজন সংঘবদ্ধ হয়ে বিএনপি কার্যালয় ভাংচুর করে।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা অস্ত্র-শস্ত্র নিয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা করার জন্য সংঘবদ্ধ হচ্ছে এবং বিএনপির ক্যাডাররা ত্রাস সৃষ্টি করছে। এতে এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পরেছে। বিএনপির নেতাকর্মীরা রাস্তায় গাছ ফেলে নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রেখেছে।
এদিকে গলাচিপা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান বলেন, চর বিশ্বাসে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সভা করছিলেন। এ সময় ভিপি নুরের ছোটভাই আমিনুল ইসলামের নেতৃত্বে তারা সেখানে হামলা চালায় এবং বিএনপির নেতাকর্মীদের মারধর করেন। এতে তাদের ১০-১২ জন নেতাকর্মী আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে গলাচিপা থানার ওসি মো. আসাদুর রহমান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের ৫-৭ আহত হয়েছে খবর পাওয়া গেছে। সেখানকার পরিস্থিতি এখন শান্ত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে