নেতাকর্মীদের হত্যার অভিযোগে ট্রাইব্যুনালে বিএনপির মামলা
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে দেশব্যাপী ৮৪৮ নেতাকর্মীকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৫০০ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কাছে এই অভিযোগ দাখিল করা হয় বলে বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান জানান।
তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মী ও সমর্থকদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে ধ্বংসের উদ্দেশ্যে। নিহতদের মধ্যে ৫২৪ জন আমাদের নেতাকর্মী এবং ৩২৪ জন আমাদের দলীয় নেতাকর্মীদের আত্মীয়স্বজন।’
বিএনপির এই নেতা আশা প্রকাশ করেন, ‘আইসিটি তদন্ত সংস্থা এই অভিযোগগুলোর যথাযথ তদন্ত করবে এবং পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেবে।’
১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দেয় বিএনপি। দলটির নেতাকর্মীরা ওই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। সে সময় নিহত ৮৪৮ জন বিএনপিকর্মীর তালিকা দলটি ট্রাইব্যুনালে জমা দিয়েছে।
এর আগে, গত ৯ জানুয়ারি বিএনপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের কার্যালয়ে ২০০৮ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ২ হাজার ২৭৬ জনকে কথিত 'বন্দুকযুদ্ধে' হত্যা এবং ১৫৩ জন নেতাকর্মীকে গুম করার অভিযোগে দুটি পৃথক আবেদন দায়ের করেছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে