সিলেটে ওসির বিরুদ্ধে ‘পক্ষপাতদুষ্ট আচরণের’ অভিযোগ বিএনপির
সিলেট-১ (নগর-সদর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি পুলিশ কর্মকর্তা শাহ মুবাশ্বির আলীর বিরুদ্ধে ‘পক্ষপাতদুষ্ট আচরণের’ অভিযোগ তুলেছে। অভিযুক্ত শাহ মুবাশ্বির আলী সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বরাবরে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। এ ছাড়া অভিযোগের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিব বরাবর পাঠানো হয়েছে।
সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনি এজেন্ট, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী লিখিত অভিযোগে বলেন, 'আমরা লক্ষ্য করছি, নির্বাচনি প্রচারণার শুরু থেকেই শাহ মুবাশ্বির আলী আমাদের কর্মী-সমর্থকদের হয়রানি করছেন এবং আমাদের প্রার্থীর স্বাভাবিক প্রচারণায় বাধা সৃষ্টি করছেন। একই সাথে তিনি অন্য একজন প্রার্থীর স্বার্থে কাজ করছেন বলে মনে হচ্ছে।'
অভিযোগে আরও বলা হয়, 'এমন পরিস্থিতিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন উপলক্ষে এ থানার অধীনে থাকা ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।'
এ বিষয়ে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, 'আমরা শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অভিযোগ দাখিল করেছি। ওসি শাহ মুবাশ্বির আলী একজন প্রার্থীর স্বার্থে কাজ করে যাচ্ছেন, যা কখনও মেনে নেওয়া যায় না। একই সঙ্গে তিনি আমাদের কর্মী-সমর্থকদের হয়রানি করছেন। আমরা এর প্রতিকার চেয়েছি।'
এদিকে, সিলেট-১ আসনে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামি, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, সিপিবি, বাসদ, বাসদ (মার্কসবাদী) ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে