শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে আইসিটিতে গুমের অভিযোগ বিএনপির
শেখ হাসিনাসহ পূর্ববর্তী সরকারের ১৬ জন উচ্চপদস্থদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে বিএনপি। এতে তারা ১১ জন বলপূর্বক গুমের একাধিক ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে।
এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ট্রাইব্যুনালে জোরপূর্বক গুমের প্রতিকার চেয়েছে দেশের কোনো প্রধান রাজনৈতিক দল।
অভিযোগগুলো ২০১৯ থেকে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত সংঘটিত গুমের ঘটনা নিয়ে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন সরকারি ও আইন প্রয়োগকারী কর্মকর্তাও।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও তথ্য সেলের সমন্বয়কারী সালাহউদ্দিন খানের দাখিল করা অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগীদের অপহরণ, গোপন আটক এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের শিকার করা হয়েছে, যেগুলো সরকারের সর্বোচ্চ স্তরের সরাসরি নির্দেশে রাষ্ট্রীয় সংস্থাগুলো দ্বারা সংঘটিত।
রোববার (১৩ জুলাই) ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কার্যালয়ে অভিযোগটি জমা দেন সালাহউদ্দিন খান। অভিযোগ গ্রহণ করে তাজুল ইসলাম বলেন, অভিযোগগুলোর তদন্ত করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।
পরে সাংবাদিকদের সালাহউদ্দিন খান বলেন, ‘গুমের ঘটনাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। শুধুমাত্র বিএনপিতে সম্পৃক্ততা থাকায় ভুক্তভোগীদের নির্যাতন করা হয়েছিল। দীর্ঘদিন ধরে ন্যায়বিচার ছাড়াই ভুগছে তাদের পরিবারগুলো’।
শেখ হাসিনা, আনিসুল হক বা অভিযুক্ত অন্য কারও কাছ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে