Views Bangladesh Logo

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি-ককটেল বিস্ফোরণে নিহত ১

মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মো. সেলিম নামে একজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আলমগীর দেওয়ান নামে আরও এক ব্যক্তি মেঘনা নদীতে নিখোঁজ রয়েছেন। সংঘর্ষের সময় নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করতে গিয়ে তিনি নিখোঁজ হন। তাঁর সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে উপজেলার চরডুমুরিয়া ও সামারচর এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সেলিম গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার ভোরে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

আওলাদ হোসেন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। রহিমও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। স্থানীয়ভাবে দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোল্লাকান্দি ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত সেলিমের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে।

এদিকে, মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, সংঘর্ষের সময় মেঘনা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করতে গিয়ে আলমগীর দেওয়ান মাঝনদীতে নিখোঁজ হন। তাঁর সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ