Views Bangladesh Logo

সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপির ৬ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

দলীয় শৃঙ্খলা লঙ্ঘন ও এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুকে দল থেকে বহিষ্কার করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। একই অভিযোগে জড়িত থাকার দায়ে দলটির আরও পাঁচ নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা বিএনপি।

শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষরে পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এসব সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এলাকায় ক্রমাগত সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়ায় হাজী মিজানুর রহমান বাবলুকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, একই ধরনের অভিযোগে ইতিপূর্বেও তাকে বহিষ্কার করা হয়েছিল, তবে পরবর্তীতে শর্তসাপেক্ষে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। এবার পুনরায় একই অভিযোগে তার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল দল।

একই তারিখে জারি করা অন্য বিজ্ঞপ্তিতে অভিন্ন অভিযোগে আরও পাঁচ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এই তালিকায় রয়েছেন কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ সরকার এবং মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিষ্টার।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই বহিষ্কার ও সাংগঠনিক ব্যবস্থার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন।

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, কাজিপুর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মোট ছয়জন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো। যাদের মধ্যে একজনকে সরাসরি বহিষ্কার এবং বাকি পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা এবং তৃণমূলে দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ