বিএনপি রাষ্ট্রের প্রয়োজনে রাজনীতি করে: সড়ক পরিবহনমন্ত্রী
রাজনীতি আধিপত্য প্রতিষ্ঠার নয়, এটি সেবার। বিএনপি রাষ্ট্রের প্রয়োজনে রাজনীতি করেছে। আজকের যে গণতান্ত্রিক বাংলাদেশ সেটি শহীদ জিয়াউর রহমানের অবদানে তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (১ জুন) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজধানীর কলাবাগানে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, ঠিক ইয়াহিয়ার মতো আওয়ামী লীগ এদেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিল। আজকের যে গণতান্ত্রিক বাংলাদেশ সেটি শহীদ জিয়াউর রহমানের অবদানের মাধ্যমে তৈরি হয়েছে।
তিনি বলেন, মানুষের জন্য উপযুক্ত জাতীয়তাবাদী দর্শন প্রতিষ্ঠার জন্যই শহীদ জিয়াউর রহমান এ রাজনৈতিক দল গঠন করেছিলেন। নেতা নেই; তবে তার আদর্শ রয়েছে, আদর্শের সৈনিকরা রয়েছেন।
সড়ক পরিবহনমন্ত্রী উল্লেখ করেন, সংকট এখনও শেষ হয়নি। রাজনৈতিক দুর্বৃত্তায়নকারী, ফ্যাসিবাদীরা এখনও সজাগ।
মন্ত্রী আরও বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনা পতিত হলেন, তিনিও ভোট ভিক্ষা চেয়েছিলেন। এবার নির্বাচনে জামায়াতে ইসলাম বলেছে ৪৭ থেকে এখন পর্যন্ত যা যা করেছি ক্ষমা করে দেন এবং ভোটটা দেন। বিএনপিকে কখনও এ ধরনের ক্ষমা চাইতে হয়নি। এজন্য জনগণ যখনই ভোটের সুযোগ পেয়েছে বিএনপিকে ভোট দিয়েছে।
জনগণের রায়ে নির্বাচিত এ সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে, জনআকাঙ্খার প্রতিফলন বাস্তবায়নের জন্য সরকারকে সহযোগিতা করবেন, এটাই শাহাদাৎ বার্ষিকীর অঙ্গীকার বলে জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে