শেখ হাসিনা আবার ফিরে আসুক আমরা চাই না: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসুক তা বিএনপি চায় না।
মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে ফ্যাসিষ্ট হয়ে উঠেছিলেন শেখ হাসিনা। তিনি আবার ক্ষমতায় ফিরে আসুক তা বিএনপি চায় না।
তিনি বলেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসাকেই মূল অগ্রাধিকার দেওয়া উচিত। সংখ্যালঘুদের নিয়ে, গার্মেন্টস নিয়ে এখন নানা ষড়যন্ত্র চলছে। একটা নির্বাচিত সরকার থাকলে এ ষড়যন্ত্র করা যাবে না।
নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির ক্ষমতার জন্য নয়, দ্রুত নির্বাচন না দিলে সমস্যা আরও বাড়বে। পরবর্তী পরকল্পনা নিয়ে রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।
জনগণের নানা দাবি নিয়ে আন্দোলন নিয়ে মির্জা ফখরুল বলেন, আন্দোলনের নামে দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। এখন সবাই দাবি জানাচ্ছে। কিন্তু এতদিন স্বৈরাচারের সামনে কেউ এসব দাবি জানায়নি। রাজনৈতিক সরকার না থাকায় এমন সংকট তৈরি হচ্ছে।
অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে ফখরুল বলেন, সরকারে এখন যারা আছেন তারা একেক সময় একেক কথা বলছেন। এসব না বলে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে