তথ্য গোপনের অভিযোগ, সিলেটে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল চায় বিএনপি
সিলেট-১ (সদর–নগর) আসনে জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলেছে বিএনপি। অভিযোগের ভিত্তিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার মনোনয়নপত্র বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দলটি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। তিনি একই সঙ্গে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনি এজেন্টের দায়িত্বে রয়েছেন।
জেলা প্রশাসকের অনুপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সুবর্ণা সরকার মহানগর বিএনপির লিখিত অভিযোগ গ্রহণ করেন। এ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
অভিযোগপত্রে বলা হয়, জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান তার হলফনামায় ঘোষণা করেছেন যে তিনি কোনো কোম্পানির পরিচালক বা শেয়ারহোল্ডার নন এবং কোনো ঋণ বা দায়ের সঙ্গে যুক্ত নন। তবে জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (RJSC)-এর নথি অনুযায়ী তিনি “ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড”-এর পরিচালক এবং “আল হারামাহ মেডিকেল সার্ভিসেস লিমিটেড”-এর শেয়ারহোল্ডার।
বিএনপির দাবি, সংশ্লিষ্ট কোম্পানি ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ২৪ কোটি ১ লাখ ২৭ হাজার ৪৪৮ টাকা ঋণ গ্রহণ করেছে, যা বর্তমানে বকেয়া রয়েছে। এই তথ্য হলফনামায় উল্লেখ না করায় তা ‘সত্য নয়’ ও ‘বিভ্রান্তিকর’ বলে অভিযোগ করা হয়েছে।
বিএনপি নেতাদের ভাষ্য, প্রার্থী ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন, যা নির্বাচনি আইন লঙ্ঘনের শামিল।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, হলফনামায় মিথ্যা তথ্য প্রদান দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮১ ও ১৯৩ ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ। এতে ভোটার ও নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করার উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি জানান, এসব বিবেচনায় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।
এদিকে জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের ব্যবসায়িক সংশ্লিষ্টতা নিয়ে ‘বিভ্রান্তি ছড়ানো হচ্ছে’ দাবি করে এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সিলেট মহানগর জামায়াত।
দুপুরে নগরীর ধোপাদিঘীর পারে দলীয় প্রার্থীর প্রধান নির্বাচনি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, হাবিবুর রহমানের কোনো ঋণ বা অনিয়ম নেই।
তিনি পাল্টা অভিযোগ করে বলেন, সারাদেশে বিএনপির মনোনীত ১৬৩ জন এমপি প্রার্থী ঋণগ্রস্ত এবং এর মধ্যে ৫৯ জন ঋণখেলাপি। বড় অঙ্কের ঋণ নিয়ে তারা খেলাপি হয়েছেন। কিন্তু এসব বিষয় আড়াল করে আমাদের প্রার্থীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তোলা হচ্ছে।
জামায়াত নেতা দাবি করেন, এ ধরনের অভিযোগ রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে হেয় করার অপচেষ্টা ছাড়া কিছু নয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে