ভোটার বয়স প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রস্তাব নিয়ে বিএনপির সমালোচনা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বলেছেন, ভোটার হওয়ার ন্যূনতম বয়স ১৭ বছর নির্ধারণের জন্য প্রধান উপদেষ্টার প্রস্তাব বিতর্ক সৃষ্টি করেছে, যা নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করতে পারে।
মির্জা ফখরুল বলেন, ‘অধ্যাপক ইউনূস প্রস্তাব করেছেন, ভোটার হওয়ার ন্যূনতম বয়স ১৭ বছর হওয়া উচিত। এর মানে হলো নতুন ভোটার তালিকা প্রস্তুত করতে হবে।’
জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একটি অংশ আয়োজিত এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এমন একটি বিষয়ের কথা বলেছেন যেখানে কোনও ঐকমত্য নেই।’
তিনি বলেন, ‘এখন জনগণ মনে করবে যে আরও সময় নষ্ট হবে এবং ভোটার তালিকা প্রস্তুত করতে আরও বিলম্ব ঘটবে। আমি জানি না কেন মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে, এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করছে, তবে এটি আমার ব্যক্তিগত মত নয়।’
বিএনপি নেতা আরও বলেন, ‘স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ না করেই প্রধান উপদেষ্টার বিষয়টি উত্থাপন করা উচিত হয়নি।’
‘আপনি প্রধান নির্বাহী এবং আপনি বললেন ১৭ বছর হলে ভালো। আপনি যখন এটি বলেন, এটি নির্বাচন কমিশনের ওপর বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায়’, প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন ফখরুল।
ফখরুল বলেন, ‘এই বিষয়টি নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দেয়া উচিত ছিল, যেন তারা সিদ্ধান্ত নিতে পারে।’
তিনি দাবি করেন, ভোটার হওয়ার জন্য বর্তমান ন্যূনতম বয়স ১৮ বছর সকলের কাছে গ্রহণযোগ্য।
বিএনপি নেতা বলেন, ‘আপনি যদি এটি এক বছর কমাতে চান, তবে নতুন নির্বাচন কমিশন এটি প্রস্তাব করুক এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করুক। কিন্তু তিনি (প্রধান উপদেষ্টা) প্রথমেই ১৭ বছরের কথা বলে বিষয়টিকে বাধ্যতামূলক করে তুলেছেন এবং কমিশনের ওপর চাপ সৃষ্টি করেছেন।’
তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা যদি স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করার পর বিষয়টি তুলতেন, তবে এ ধরনের কোনও বিতর্ক তৈরি হতো না।’
এর আগে, শুক্রবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ভোটার হওয়ার ন্যূনতম বয়স ১৭ বছর নির্ধারণের প্রস্তাব দেন।
বাংলাদেশ স্টাডিজ ফোরামের এক সংলাপে ভিডিও বার্তায় ইউনূস বলেন, ‘তরুণদের ভবিষ্যৎ নিয়ে তাদের নিজস্ব মতামত দেয়ার সুযোগ দিতে, আমি মনে করি তাদের জন্য ভোটার হওয়ার বয়স ১৭ বছর হওয়া উচিত।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে