সাবেক সিইসি নুরুল হুদার ওপর হামলায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার ওপর গণপিটুনির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, 'বিএনপি কোনোভাবেই গণপিটুনি সংস্কৃতি সমর্থন করে না। যদি আমাদের দলের কেউ জড়িত থাকে, তাহলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।'
সোমবার (২৩ জুন) এক সংবাদ বিবৃতিতে সালাহউদ্দিন বলেন, 'আমরা আইনের শাসন ও ন্যায়বিচারে বিশ্বাস করি। নুরুল হুদার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তা হলে সেটি আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া উচিত। জনরোষের নামে কাউকে অপমান করা বা তার গায়ে হাত তোলা আমরা সমর্থন করি না।'
বিএনপি নেতা আরও বলেন, 'নুরুল হুদার সঙ্গে যা ঘটেছে, সেটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে তা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক।'
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাজধানীর উত্তরায় নুরুল হুদার বাসভবনে একদল লোক তাকে ঘিরে ধরে এবং গলায় জুতার মালা পরিয়ে দেয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
বিএনপি জানিয়েছে, যদি কোনো নেতা-কর্মীর সম্পৃক্ততা প্রমাণিত হয়, তবে তা তদন্ত সাপেক্ষে দলীয় শৃঙ্খলা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, 'যে কেউ হোক না কেন, তার আইনগত অধিকার খর্ব করা ঠিক নয়। আমরা ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে, অবিচার বা অবমাননার নয়।'

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে