Views Bangladesh Logo

রাজনৈতিক কর্মসূচিতে সতর্কতা অবলম্বনের আহ্বান বিএনপির

 VB  Desk

ভিবি ডেস্ক

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় চারজন নিহত হওয়ার প্রেক্ষাপটে বিএনপি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। বুধবার রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ হামলাকে ‘ভয়াবহ ও পূর্বপরিকল্পিত’ আখ্যা দেন এবং সব রাজনৈতিক দলকে কর্মসূচি পালনে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান, যাতে কোনো অগণতান্ত্রিক শক্তি এই পরিস্থিতির সুযোগ না নিতে পারে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ হামলাকে ‘আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় সংঘটিত নৃশংস আক্রমণ’ হিসেবে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেই তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গোপালগঞ্জে ১৪৪ ধারা এবং পরবর্তীতে কারফিউ জারি গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও প্রশাসনের ব্যর্থতা স্পষ্ট হয়েছে।

মিটফোর্ড হত্যা মামলা নিয়ে বিএনপিকে জড়িয়ে কটূক্তি করার প্রতিবাদ জানিয়ে দলটি বলেছে, এমন অশালীন ও অসভ্য মন্তব্য আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত করছে।

বৈঠকে জাতীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়। সভায় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ‘জাতীয় ঐক্য কমিশন’-এর অগ্রগতির সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন। এ বিষয়ে পরবর্তী আলোচনা নির্ধারিত আছে বৃহস্পতিবার রাত ৮টায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ