নবীন-প্রবীণের সমন্বয়ে বিএনপির মন্ত্রিসভা: মেজর হাফিজ
ত্রয়োদশ সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সেই বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) জানিয়েছেন, নবীন ও প্রবীণ নেতাদের সমন্বয়ে মন্ত্রিসভা গঠন করা হবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন, তারাই মন্ত্রিসভায় স্থান পাবেন। যাদের বিরুদ্ধে দুর্নীতির ইতিহাস নেই এবং যারা জনগণের কাছে আস্থাভাজন, তারাই স্থান পাবেন।
তিনি দাবি করেন, গত ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তার জন্য সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তার ভাষায়, দেশের দুর্দিনে তাদের সহায়তা ছাড়া এ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব হতো না।
দেশকে বিপথে নেওয়ার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলেও সতর্ক করেন তিনি।
মেজর হাফিজ আরও বলেন, নাহিদ ইসলাম ও শফিকুর রহমানের বাসায় গিয়ে তারেক রহমানের সাক্ষাৎ রাজনীতির অঙ্গনে সুবাতাস নিয়ে এসেছে। বিরোধী দল হিসেবে তারা গঠনমূলক ও শক্ত ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার বিকৃত করা হয়েছে এবং প্রকৃত ইতিহাস জানতে দেয়া হয়নি। বাংলাদেশের রাজনীতিবিদরা নিজেদের গুণগান নিয়েই ব্যস্ত ছিলেন। যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন ৭১-এর মার্চে বিদ্রোহ না করতো এদেশে কোনো স্বাধীনতা যুদ্ধ হতো না।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে